স্বরূপনগরের দোবিলা সীমান্ত এলাকা থেকে ৩৫ কেজি ৯২০ গ্রাম গাঁজা উদ্ধার করল বিএসএফের ১০২ নম্বর ব্যাটালিয়ন। তদন্তে বিএসএফ ও পুলিশ।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের দোবিলা সীমান্ত এলাকা থেকে ৩৫ কেজি ৯২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন বিএসএফের জওয়ানরা। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় মাদক পাচার চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে বিএসএফের ১০২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কাছে খবর আসে, দোবিলা সীমান্ত দিয়ে গাঁজা পাচারের চেষ্টা হতে পারে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়।
অভিযোগ,বিএসএফের তৎপরতা বুঝতে পেরে পাচারকারীরা গাঁজার প্যাকেটগুলি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন জওয়ানরা।উদ্ধার হওয়া গাঁজা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে মাদক পাচার রুখতে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ।
