নন্দীগ্রামের তেখালী বাজারে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ভেঙে পড়ল এয়ারটেলের মোবাইল টাওয়ার। ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি। ঘটনার কিছুক্ষণ আগেই একটি বাড়ির ছাদে ছিলেন এক যুবক। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।
রাজকুমার বেরা,মানুষের মতামত:নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালী বাজারে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন হঠাৎ ভেঙে পড়ল এয়ারটেল সংস্থার একটি মোবাইল টাওয়ার। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার দুটি বাড়ি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা আহতের খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জমিতে টাওয়ারটি বসানো ছিল, সেই জমির মালিকের বাড়িরও কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্থানীয় বাসিন্দা সরস্বতী মাকুড়ের বাড়ির। টাওয়ারটি ভেঙে পড়ায় তাঁর বাড়ির ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে যায়।ঘটনার কিছুক্ষণ আগেই ওই ছাদে উপস্থিত ছিলেন সরস্বতী মাকুড়ের ছেলে সূর্য মাকুড়। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, টাওয়ারের রক্ষণাবেক্ষণের সময়ই এই বিপত্তি ঘটে। তবে ঠিক কী কারণে টাওয়ারটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। জমির মালিক ও এয়ারটেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়াও মেলেনি। ঘটনার পর মোবাইল টাওয়ারের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
