নিউটাউনের সাপুরজি সুখবৃষ্টি আবাসনের এ ব্লকের ফ্ল্যাট থেকে ৩০ বছরের IT কর্মী অপলা প্রধানের পচাগলা দেহ উদ্ধার। কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নিউটাউনের সাপুরজি সুখবৃষ্টি আবাসনের এ ব্লকের একটি ফ্ল্যাট থেকে তরুণী তথ্যপ্রযুক্তি কর্মীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অপলা প্রধান (৩০)। তিনি জামশেদপুরের বাসিন্দা ছিলেন এবং কর্মসূত্রে নিউটাউনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। কয়েক দিন ধরে তাঁর সঙ্গে পরিবারের সদস্য বা পরিচিতদের কোনও যোগাযোগ হচ্ছিল না বলে জানা গিয়েছে। এরপর ভোররাতে ফ্ল্যাটের ভিতর থেকে পচাগলা দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে ওই তরুণীর মৃত্যু হল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে কোনও অপরাধের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে মৃতার পরিচিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলবে বলে মনে করছে তদন্তকারীরা।
