কলকাতায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে ভোরে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। মুখ ঢাকা এক ব্যক্তির বোতল ছোড়ার ঘটনায় ভেঙেছে একাধিক কাচ। তদন্তে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
তপন রায়,মানুষের মতামত:কলকাতায় প্রাক্তন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভোরবেলা মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি বাড়ির সামনে এসে পর পর বোতল ছুড়ে হামলা চালায়। এলোপাতাড়ি বোতল ছোড়ার জেরে বাড়ির একাধিক কাচ ভেঙে যায়।
ঘটনার পরই পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজে দেখা গিয়েছে, ভোরের দিকে মুখ ঢাকা এক ব্যক্তি বাড়ির সামনে এসে পর পর বোতল ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়।
সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, হামলার উদ্দেশ্যই বা কী ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
