জনতার দরবারে ২৮ লক্ষ ১,৭২২ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন আলিপুর জজ কোর্টের আইনজীবী অরবিন্দ পাল। আলিপুর থানায় এফআইআর হলেও তদন্তে অগ্রগতি নেই বলে দাবি তাঁর।
তপন রায়,মানুষের মতামত:মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ এসে ২৮ লক্ষ ১,৭২২ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন আলিপুর জজ কোর্টের আইনজীবী অরবিন্দ পাল। তাঁর অভিযোগ, টাকা লেনদেনের মাধ্যমে ওই অর্থ অন্যত্র চলে গিয়েছে এবং বিষয়টি নিয়ে আলিপুর থানায় এফআইআর দায়ের হলেও এখনও প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
অরবিন্দ পালের দাবি, গত ১৭ জুন তিনি পুলিশের কাছে অভিযোগ জানান এবং ৪ জুলাই আলিপুর থানায় এফআইআর করা হয়। এরপরও টাকা উদ্ধারের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ হয়নি বলে তাঁর অভিযোগ। সেই কারণেই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন তিনি।অভিযোগে প্রাক্তন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করা মলয় সেনগুপ্ত-সহ সঞ্জয় মালব্য, কুন্তল সোম ও নির্মল বাংয়ের নাম উল্লেখ করেছেন অরবিন্দ পাল। তাঁর দাবি, মলয় সেনগুপ্ত তাঁকে সঞ্জয় মালব্যের কাছে টাকা রাখার বিষয়ে উৎসাহিত করেছিলেন।
তবে এসব অভিযোগের সত্যতা এখনও আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তে প্রমাণিত হয়নি। বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় অবগত ছিলেন কি না, সে বিষয়ে অরবিন্দ পাল নিজেও নিশ্চিত নন বলে জানিয়েছেন।অরবিন্দের মূল দাবি, এফআইআর হওয়ার পর দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে তাঁর টাকা উদ্ধারের ব্যবস্থা করা হোক। অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
