মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026
03:50:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কুণাল থেকে এসআরএফটিআই, মমতা থেকে নীতিন নবীন—একাধিক ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ

কুণাল ঘোষের উপর হামলার অভিযোগ, SRFTI-কাণ্ড,বোলপুরে বিজেপি নেতার মৃত্যু, হরিদেবপুরের হামলা ও নীতিন নবীনের বঙ্গ সফর নিয়ে একাধিক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:রাজ্যের সাম্প্রতিক একাধিক ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর পরপর হামলার অভিযোগ প্রসঙ্গে দিলীপ বলেন, কুণাল যত বেশি ভাষণ দেবেন, মানুষের ক্ষোভ তত বাড়তে পারে। তিনি কুণালকে পরিস্থিতি বুঝে সতর্ক থাকার পরামর্শ দেন। সম্প্রতি উত্তরপাড়ায় কুণালের গাড়িতে ডিম ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে এবং পরদিন কলকাতাতেও হামলার অভিযোগ করেন তিনি।

SRFTI-র সাম্প্রতিক অশান্তি নিয়েও কড়া মন্তব্য করেন দিলীপ। তাঁর অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী ও দেশবিরোধী শক্তি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং বর্তমান ঘটনায় তারা প্রকাশ্যে এসেছে। বহিরাগতদের জড়িত থাকার অভিযোগকে তিনি সমাজবিরোধী কার্যকলাপ বলে দাবি করেন। SRFTI-তে ছাত্র ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে খবর। বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লার গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন দিলীপ। পুলিশ ঘটনাটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে, তা খতিয়ে দেখছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি। হরিদেবপুরের হামলার অভিযোগে বিজেপির দিকে আঙুল তোলার বিরোধিতা করে দিলীপ দাবি করেন, বিজেপির এমন রাজনীতিতে আগ্রহ নেই। অন্যদিকে, নীতিন নবীনের বঙ্গ সফরকে দলের সাংগঠনিক পরিবর্তনের প্রক্রিয়ার অংশ বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংক ধর্মঘট স্থগিত প্রসঙ্গে তাঁর বক্তব্য, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করা সম্ভব।

Share with

আরো পড়ুন -