নয়ডার ফ্ল্যাটে প্রাক্তন দিল্লি মুখ্যসচিবের দেহ উদ্ধার, চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নয়ডার সেক্টর ৮২-র একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে দিল্লির প্রাক্তন মুখ্যসচিব রাকেশ মেহতার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭০ বছরের বেশি বয়সি এই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্ত্রী সুমন্তী মেহতা তখন দেরাদুনে ছেলের কাছে ছিলেন। বারবার ফোন করেও স্বামীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় তিনি পুলিশকে খবর দেন। এরপর ফেজ-২ থানার পুলিশ দরজা খুলে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সেখানে শারীরিক ও মানসিক সমস্যার কথা উল্লেখ ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে চিঠিটি মেহতারই লেখা কি না, তা ফরেন্সিক পরীক্ষায় যাচাই করা হচ্ছে।
২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত দিল্লির মুখ্যসচিব ছিলেন রাকেশ মেহতা। তাঁর মৃত্যুতে প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমেছে।
