NewsPolitics

ওয়াই-চ্যানেলে মমতার ধরনা,মঞ্চে পুরনো সৈনিকরা—কোথায় নতুন বিধায়কেরা?

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রানি রাসমণি রোডে ধরনা কর্মসূচির অনুমতি না মেলায় শেষ পর্যন্ত ধর্মতলার ওয়াই-চ্যানেলেই অবস্থান বিক্ষোভে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বিরোধী কণ্ঠস্বর দমনের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় দলের একাধিক প্রবীণ নেতা ও সাংসদকে। উপস্থিত ছিলেন দোলা সেন, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সামিরুল ইসলাম, নাদিমুল হক, ফিরহাদ হাকিম, অশোক দেব-সহ তৃণমূলের পুরনো দিনের একাধিক নেতা।
অন্যদিকে, দুপুর দু’টোর পর সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে অবস্থানে বসেন চন্দ্রিমা ভট্টাচার্য।
তবে রাজনৈতিক মহলে বিশেষভাবে নজর কেড়েছে দলের বহু নতুন বিধায়কের অনুপস্থিতি। ধরনা মঞ্চে প্রবীণ নেতাদের উপস্থিতি চোখে পড়লেও নতুন প্রজন্মের তৃণমূল বিধায়কদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, গণতন্ত্র রক্ষা এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন চলবে। যদিও বিরোধীদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে নিজেদের রাজনৈতিক সংকট আড়াল করার চেষ্টা করছে শাসকদল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *