সোমবার, নভেম্বর 23, 2026
10:48:54 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উষ্ণ হচ্ছে পৃথিবী,ঠান্ডা বিশ্বনেতাদের ঐকমত্য! চুক্তি ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন

জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে মতবিরোধের জেরে চুক্তি ছাড়াই শেষ COP31 সম্মেলন। বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় বাড়ল উদ্বেগ।

গিয়াস মল্লিক,মানুষের মতামত:আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হল রাষ্ট্রপুঞ্জের COP31 সম্মেলন। তুরস্কের আন্টালিয়ায় প্রায় দু’সপ্তাহ ধরে চলা আলোচনায় বিশ্বের প্রায় ২০০টি দেশ অংশ নিলেও শেষ পর্যন্ত জলবায়ু সংকট মোকাবিলায় একটি সর্বসম্মত চুক্তিতে পৌঁছনো সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের পর আরও দু’দিন আলোচনা চললেও মতবিরোধ কাটেনি।

সম্মেলনে মূল বিতর্ক ছিল কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমানো, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় অর্থের জোগান এবং ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সাহায্য করা নিয়ে। ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক দেশ চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর স্পষ্ট উল্লেখ না থাকায় আপত্তি জানায়। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি। তাই এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ ছাড়া কোনও চুক্তি গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলির অভিযোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট নয়। বিশেষ করে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও সমুদ্রের জলস্তর বৃদ্ধির মতো সমস্যায় ক্ষতিগ্রস্ত দেশগুলির জন্য আরও অর্থের দাবি উঠেছে।সম্মেলনের এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মতে, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকলে আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা আরও বাড়তে পারে। ফলে COP31-এ ঐকমত্য না হওয়া শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, গোটা বিশ্বের ভবিষ্যতের জন্যও উদ্বেগের বিষয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন