পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সঙ্গীতা কুইলা রায়ের রহস্যমৃত্যুর তদন্তে স্বামীকে বাড়িতে নিয়ে যায় পুলিশ। বিজেপি নেতা প্রাণতোষ আচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরেও চর্চা।
রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের পটাশপুরের রতনপুর গ্রামে গৃহবধূ সঙ্গীতা কুইলা রায়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তাঁর স্বামী দিপু রায়, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পটাশপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে থাকা দিপু রায়কে কোমরে দড়ি বেঁধে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তদন্ত চালায় পুলিশ।
অন্যদিকে, এই ঘটনায় বিজেপি নেতা প্রাণতোষ আচার্যের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন মৃতার বাবা ও গ্রামবাসীদের একাংশ। তাঁদের দাবি, পরিবারের সঙ্গে বিষয়টি মিটমাট করে নেওয়ার কথা বলা হয়েছিল। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বুধবার বিকেলে সঙ্গীতার মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।সঙ্গীতার মৃত্যুর নেপথ্যে কী রয়েছে? বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা? এখন সেই উত্তর খুঁজতেই পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা।
