অন্ধ্রপ্রদেশ থেকে বুদ্ধদেব মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করল বসিরহাট জেলা পুলিশের SOG ও বসিরহাট থানার পুলিশ। একাধিক অভিযোগের তদন্তে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত বলে জানা গিয়েছে।
হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের বুদ্ধদেব মণ্ডলকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করল বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও বসিরহাট থানার পুলিশ। একই অভিযানে গ্রেফতার করা হয়েছে তাঁর সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে। তিনি বাদুড়িয়ার তারাগুনিয়া এলাকার বাসিন্দা। ধৃত দু’জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেবের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি, ভোটের সময় অশান্তি, হুমকি, মারধর, তোলাবাজি এবং বিজেপি কর্মীদের উপর হামলার একাধিক অভিযোগ রয়েছে। এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অভিযোগ, পুলিশের নজর এড়িয়ে তিনি অন্ধ্রপ্রদেশে আত্মগোপন করেছিলেন। তাঁকে গ্রেফতারের দাবিতে বসিরহাটের বিভিন্ন এলাকায় বিক্ষোভও দেখান বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।অবশেষে যৌথ অভিযানে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, ঘটনার সঙ্গে অন্য কারও যোগ এবং কোনও সংগঠিত চক্রের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
