বুধবার, সেপ্টেম্বর 30, 2026
03:49:55 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নন্দীগ্রামে ‘মায়ের চোখের জল’ বনাম ‘জেলবন্দি প্রার্থী’—কার দিকে ঝুঁকবে সহানুভূতির ভোট?

নন্দীগ্রাম উপনির্বাচনে আবেগ ও সহানুভূতির দুই ভিন্ন গল্প। হাসিরানি রথের পারিবারিক বেদনা এবং মিলন প্রধানকে ঘিরে সহানুভূতির দাবি—ভোটের আগে নজরে দুই প্রার্থীর প্রচার।

রাজকুমার বেরা,মানুষের মতামত:নন্দীগ্রামের উপনির্বাচনে এবার শুধু দলীয় প্রতীক বা রাজনৈতিক অঙ্ক নয়, সামনে চলে এসেছে মানুষের আবেগ, ব্যক্তিগত হারানোর যন্ত্রণা এবং সহানুভূতির রাজনীতি।৬ অক্টোবরের ভোট যত এগিয়ে আসছে, ততই দুই ভিন্ন মানবিক গল্পকে ঘিরে সরগরম হচ্ছে প্রচার। বিজেপির প্রার্থী হাসিরানি রথ। তাঁর ছেলে চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী।চলতি বছরের মে মাসে চন্দ্রনাথের মৃত্যুর পর এবার তাঁর মা নন্দীগ্রামের ভোটের ময়দানে। প্রচারে নিজের সন্তানের স্মৃতি এবং নন্দীগ্রামের সঙ্গে পরিবারের দীর্ঘ সম্পর্কের কথাই তুলে ধরছেন তিনি। ফলে বিজেপির প্রচারে রাজনৈতিক বার্তার পাশাপাশি ব্যক্তিগত বেদনার আবহও তৈরি হয়েছে।

অন্যদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গল্পও কম আবেগের নয়। প্রার্থীপদ ঘোষণা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের পরই পুরনো একটি মামলায় গ্রেফতার হন তিনি। বর্তমানে জেল হেফাজতে থাকায় নিজে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারছেন না। তাঁর হয়ে স্ত্রী, পরিবারের সদস্য এবং দলের কর্মীরা মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন। এই পরিস্থিতিতে মিলন প্রধানকে ঘিরে সহানুভূতির ভোট তৈরি হতে পারে—এমন দাবি তাঁর সমর্থকদের। তাঁদের বক্তব্য,প্রার্থী মাঠে না থাকলেও তাঁর লড়াইয়ের গল্পই কর্মী-সমর্থকদের আরও সক্রিয় করছে। তবে এই আবেগ শেষ পর্যন্ত ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

নন্দীগ্রামের এবারের লড়াই আরও জটিল হয়েছে তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তরফে মিলন প্রধানকে সমর্থনের সিদ্ধান্তে। পাশাপাশি বাম এবং অন্যান্য প্রার্থীরাও রয়েছেন ময়দানে। ফলে নন্দীগ্রামে এবার প্রশ্নটা শুধু কে জিতবেন তা নয়—প্রশ্ন, ভোটারদের মন ছুঁয়ে যাবে কোন গল্প? একদিকে সন্তান হারানো মায়ের চোখের জল, অন্যদিকে জেলবন্দি প্রার্থীকে ঘিরে সহানুভূতি। উত্তর মিলবে ৯ অক্টোবর ফল প্রকাশের পরই।

Share with

আরো পড়ুন -