বুধবার, সেপ্টেম্বর 30, 2026
03:48:23 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘দলিত কি বেটি’ থেকে ফের লড়াইয়ের ময়দানে!বহুজনের হারানো জমি ফেরাতে মরিয়া মায়াবতী?

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে সক্রিয় মায়াবতী। কাঁশীরামের পরিনির্বাণ দিবসে ৯ অক্টোবর লখনউয়ে বড় কর্মসূচি ঘিরে নজর রাজনৈতিক মহলের।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:একসময় উত্তরপ্রদেশের রাজনীতিতে দলিতদের অন্যতম প্রধান মুখ ছিলেন মায়াবতী। কিন্তু সাম্প্রতিক নির্বাচনী ফল এবং সাংগঠনিক টানাপোড়েনের পর তাঁর রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতেই আবার সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নামছেন বহুজন সমাজ পার্টির (BSP) সুপ্রিমো। সামনে ২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, আর তার আগে দলিত ভোটব্যাঙ্ককে ফের নিজেদের দিকে টানাই যে তাঁর অন্যতম বড় লক্ষ্য, সাম্প্রতিক দলীয় কর্মসূচি থেকে তার ইঙ্গিত মিলছে।

৯ অক্টোবর লখনউয়ে প্রয়াত BSP প্রতিষ্ঠাতা কাঁশীরামের পরিনির্বাণ দিবস উপলক্ষে বড় কর্মসূচির আয়োজন করেছে দল। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের সেখানে জড়ো হওয়ার ডাক দেওয়া হয়েছে। দলের তরফে এই কর্মসূচিকে কাঁশীরামের আদর্শ স্মরণ করার পাশাপাশি সংগঠনের শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।

মায়াবতীর সামনে অবশ্য শুধু বিরোধীদের চ্যালেঞ্জ নয়, নিজের দলকেও নতুন করে গুছিয়ে নেওয়ার প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক সময়ে BSP-র অন্দরে নেতৃত্ব নিয়ে একাধিক পরিবর্তন হয়েছে। বিশেষ করে ভাইপো আকাশ আনন্দকে দলীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর জায়গায় অন্য ভাইপো ইশান আনন্দকে জাতীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বদলের মধ্যেই উত্তরপ্রদেশের দলিত রাজনীতিতে চন্দ্রশেখর আজাদের উত্থানও মায়াবতীর সামনে নতুন প্রতিদ্বন্দ্বিতার বাস্তবতা তৈরি করেছে। ফলে ৯ অক্টোবরের লখনউ সমাবেশে মায়াবতী কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন, সংগঠনকে কীভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা জানান এবং দলিত ভোটারদের কাছে কীভাবে নতুন করে পৌঁছনোর চেষ্টা করেন—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।কাঁশীরামের স্মৃতির মঞ্চ থেকে মায়াবতীর বার্তা কি BSP-কে নতুন করে সংগঠিত করার দিশা দেখাবে? উত্তর মিলবে আগামী দিনের রাজনীতিতে।

Share with

আরো পড়ুন -