২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার খুনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা ঝর্ণা মিস্ত্রিকে দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর থেকে গ্রেফতার করল CBI। তাঁর গ্রেফতারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত:২০২১ সালের পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী হিংসা ও খুনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ঝর্ণা মিস্ত্রিকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরের ঘোষপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সিবিআইয়ের দাবি, ২০২১ সালে এফআইআর দায়েরের পর থেকেই তিনি তদন্ত ও পরবর্তী বিচারপ্রক্রিয়ায় হাজির হননি।
সিবিআই জানিয়েছে, ঝর্ণা মিস্ত্রির বিরুদ্ধে গ্রেফতারি সংক্রান্ত তথ্য প্রকাশের পাশাপাশি তাঁর খোঁজ দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তাঁকে খুঁজছিল তদন্তকারী সংস্থা।মামলাটির সূত্রপাত ২০২১ সালের মে মাসে। অভিযোগ ছিল, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযোগকারীর মা শোভা রানি মণ্ডল নিহত হন। কলকাতা হাইকোর্টের ১৯ আগস্ট ২০২১-এর নির্দেশের পর ২৭ আগস্ট সেই মামলা হাতে নেয় সিবিআই।
তদন্তের পর ২০২১ সালের ২৯ ডিসেম্বর মোট ১৩ জনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়। সেই তালিকায় ঝর্ণা মিস্ত্রির নামও ছিল।তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকায় ২০২৩ সালের ৩ অক্টোবর ব্যারাকপুরের এসিজেএম আদালত তাঁকে ‘প্রোক্লেমড অফেন্ডার’ ঘোষণা করে।গ্রেফতারের পর ঝর্ণা মিস্ত্রিকে মঙ্গলবার ব্যারাকপুরের সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়েছে। এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।
