জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মিড ডে মিল রন্ধন কর্মীদের ভাতা বকেয়া থাকার অভিযোগ। ৫ অক্টোবর প্রশাসনিক স্তরে সমাবেশের মাধ্যমে দাবি জানাবে সংগঠন; দ্রুত সমাধান না হলে ধর্মঘটের হুঁশিয়ারি।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:রাজ্যে মিড ডে মিল কর্মীদের ভাতা বকেয়া থাকার অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিল এআইসিসিটিইউ-র অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী (মিড ডে মিল) ইউনিয়ন। সংগঠনের দাবি, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—টানা তিন মাস ধরে সরকারি ও সরকার পরিচালিত স্কুলগুলিতে কর্মরত রন্ধন কর্মীরা তাঁদের প্রাপ্য ভাতা পাননি।
মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব বসুর প্রকাশিত প্রেস বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, রাজ্য থেকে জেলা, ব্লক ও পুরসভা স্তরে বারবার জানানো হচ্ছে যে ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্ডার হয়েছে, কিন্তু এখনও টাকা পৌঁছয়নি। এর ফলে রাজ্যের বহু স্বল্প আয়ের কর্মী আর্থিক সমস্যায় পড়েছেন বলে দাবি সংগঠনের।
সংগঠনের আরও অভিযোগ, কিছু স্কুলে পড়ুয়াদের খাবারের খরচ নিয়েও সমস্যা তৈরি হয়েছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে সরকারের বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।বকেয়া ভাতা দ্রুত মেটানোর দাবিতে আগামী ৫ অক্টোবর পুরসভা, ব্লক ও পঞ্চায়েত স্তরে আধিকারিকদের কাছে সমাবেশের মাধ্যমে দাবি জানাবে ইউনিয়ন। সংগঠনের বক্তব্য, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা ধর্মঘটের পথে যাওয়ার প্রস্তুতি নেবে।সংগঠনটি সাধারণ মানুষকেও এই দাবির সমর্থনে সরব হওয়ার আহ্বান জানিয়েছে।
