বাদুড়িয়ায় প্রকাশ্য সভা থেকে সিপিআইএম-কে সামাজিক বয়কটের ডাক বিজেপি নেতা কাসেম আলীর। তাঁর মন্তব্য ঘিরে পাল্টা প্রতিক্রিয়া সিপিআইএমের। 
হাসানুজ্জামান,মানুষের মতামত:প্রকাশ্য সভা থেকে সিপিআইএমকে সামাজিক বয়কটের ডাক এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি কাসেম আলীর অভিযোগ, সিপিআইএম ‘গোখরো সাপ’।তাঁর বক্তব্য, ছোবল মারার আগেই প্রতিরোধ করতে হবে। এমনকি ডান্ডা দিয়ে প্রতিরোধ করে হাসপাতালে পাঠানোর কথাও বলেন তিনি। পাশাপাশি সিপিআইএমের সঙ্গে মেলামেশা না করার এবং সামাজিক বয়কটের আহ্বান জানান। তাঁর আরও দাবি, সিপিআইএমের অস্তিত্ব মুছে দেওয়া হবে।
কাসেম আলীর এই বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআইএম। নেতা অনিমেষ মুখার্জি বলেন, অতীতেও শাসক দলের নেতাদের মুখে এমন হুঁশিয়ারি শোনা গিয়েছে। তাঁর অভিযোগ,এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।গণতান্ত্রিকভাবেই মানুষ এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে,নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কাসেম আলী সিপিআইএমের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তোলেন। তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
