PMAY-U 2.0 প্রকল্পে চটকল শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসনের উদ্যোগ। উত্তর ২৪ পরগনা ও হুগলিতে পরীক্ষামূলকভাবে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:দিনের পর দিন চটকলে পরিশ্রম করে সংসার চালান হাজার হাজার শ্রমিক। তাঁদের অনেকেরই এখনও নিজের পাকা বাড়ির স্বপ্ন পূরণ হয়নি। সেই শ্রমিক পরিবারগুলির জন্য এবার আশার খবর। PMAY-U 2.0 প্রকল্পের আওতায় সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ শুরু হচ্ছে। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির যোগ্য চটকল শ্রমিকরা এই সুবিধা পেতে পারেন। যাঁদের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকা পর্যন্ত এবং দেশের কোথাও পাকা বাড়ি নেই, তাঁরা প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন।
প্রস্তাবিত বাড়িতে থাকবে দুটি ঘর, রান্নাঘর ও শৌচাগার। বাড়ির কার্পেট এলাকা হবে ৩০ থেকে ৪৫ বর্গমিটার।ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভায় জমি চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। হুগলিতেও আবেদন সংগ্রহের জন্য বিশেষ শিবির হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৮ হাজার শ্রমিক আগ্রহ প্রকাশ করেছেন। শ্রমিক পরিবারের দীর্ঘদিনের পাকা বাড়ির স্বপ্ন এবার বাস্তবের কতটা কাছে আসে, সেদিকেই নজর।
