মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026
03:12:23 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর হুমকি! কলেজে হঠাৎ এমন পরিস্থিতি কেন?

জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে এসএফআই-এবিভিপি সংঘাতের অভিযোগ ঘিরে উত্তেজনা।গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর হুমকি দেওয়ার অভিযোগ এক ছাত্রের বিরুদ্ধে।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে পরীক্ষা চলাকালীন এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘাতের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। সোমবার ক্লাস চলাকালীন প্রথম বর্ষের এক ছাত্র নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। ওই ছাত্র এসএফআইয়ের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

বিষয়টি নজরে আসতেই ক্লাসে থাকা শিক্ষক কলেজ কর্তৃপক্ষকে খবর দেন। এরপর অধ্যক্ষ ড. দেবাশিস দাস-সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে অফিসে নিয়ে যান। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এসএফআইয়ের অভিযোগ, কলেজে পরীক্ষা চললেও এবিভিপির সদস্যরা তাদের সংগঠনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে বাধা দিচ্ছেন এবং মারধর করা হয়েছে। সেই প্রতিবাদেই ওই ছাত্র এমন পদক্ষেপের হুমকি দেন বলে দাবি এসএফআইয়ের।

অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। তাদের দাবি, কোনও এসএফআই কর্মীকে মারধর করা হয়নি এবং অশান্তি তৈরির উদ্দেশ্যেই ঘটনাটি সাজানো হয়েছে। ঘটনায় কলেজ চত্বরে সাময়িক উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share with

আরো পড়ুন -