তৃণমূলে ‘শিন্দে মডেল’-এর জল্পনা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ?

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্থিরতা ও ভাঙনের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। দলের বিভিন্ন স্তরে পদত্যাগ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বাড়ছে। একাধিক মুখপাত্র ইতিমধ্যেই পদ ছেড়েছেন বলে দাবি করা হচ্ছে। কলকাতা পুরনিগম-সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের একাংশ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের ‘ভালো তৃণমূল’ মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সূত্রের দাবি, তৃণমূলের কিছু সাংসদ ও জনপ্রতিনিধির সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে, যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নির্বাচনী ধাক্কার পর তৃণমূল এখন কঠিন সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে। তবে দলীয় নেতৃত্ব এখনও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং বিরোধীদের অভিযোগকে রাজনৈতিক প্রচার বলেই দাবি করছে।
