বিধানসভায় বহিষ্কৃত বিধায়কদের হাজিরা, নতুন সমীকরণের ইঙ্গিত?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্যের রাজনৈতিক মহলে ফের জোরালো হয়েছে তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা। মঙ্গলবার বিধানসভায় হাজির হন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তাঁদের উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। সূত্রের দাবি, দলত্যাগ বিরোধী আইনের বাধা এড়িয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা চলছে। বিরোধী দলের মর্যাদা পেতে প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থন জোগাড়ের প্রচেষ্টাও চলছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একাধিক বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়ের মন্তব্য, “তৃণমূল দলটাই উঠে যাবে”, রাজনৈতিক বিতর্ক আরও উসকে দিয়েছে। যদিও এদিন বিধানসভায় স্পিকার উপস্থিত ছিলেন না। ফলে এই জল্পনার কোনও আনুষ্ঠানিক রাজনৈতিক তাৎপর্য তৈরি হয়নি।
