তিনবিঘায় সীমান্ত ইস্যুতে তোলপাড়! বিএসএফ-বিজিবি বৈঠকের মাঝেই চড়ল উত্তাপ!

তপন রায়,মানুষের মতামত:কোচবিহারের তিনবিঘা সীমান্তের কুচলিবাড়ি এলাকায় কাঁটাতারহীন অংশে সীমান্ত বেড়া নির্মাণের কাজ শুরু হতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, সীমান্তে জমি মাপজোকের কাজ চলাকালীন বিজিবির আপত্তি এবং স্থানীয় একাংশের বাধাকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গিয়েছে, শুক্রবার থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বিষয়টি দ্রুত বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়। শনিবার বিএসএফের উপস্থিতিতে দুটি পৃথক ফ্ল্যাগ মিটিং হয়—একটি বিজিবির সঙ্গে এবং অন্যটি স্থানীয় বাসিন্দা ও বিজেপি বিধায়ককে নিয়ে।
স্থানীয়দের একাংশ স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে কোনও বাধা মানা হবে না। তাঁদের দাবি, দীর্ঘদিন বেড়া না থাকায় অনুপ্রবেশ, মানব পাচার ও গরু পাচারের মতো সমস্যা বেড়েছে। প্রশাসন সূত্রে খবর, জমি হস্তান্তরের পর দ্রুত বেড়া নির্মাণের কাজ শুরু হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

