লোয়ি ইনস্টিটিউটের ২০২৬ এশিয়া পাওয়ার ইনডেক্সে তৃতীয় স্থান ধরে রাখল ভারত। চিনের সঙ্গে ক্ষমতার ব্যবধান কমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এশিয়ার দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:এশিয়ার শক্তির সমীকরণে আরও মজবুত হল ভারতের অবস্থান। অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার পাশাপাশি কূটনৈতিক প্রভাব এবং আঞ্চলিক নেতৃত্বের নিরিখেও ভারতের অগ্রগতির স্বীকৃতি মিলল আন্তর্জাতিক রিপোর্টে। অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা লোয়ি ইনস্টিটিউটের ২০২৬ সালের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স’-এ এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে জায়গা ধরে রেখেছে ভারত। একই রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এশিয়ার দ্বিতীয় সর্বাধিক কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে। শীর্ষে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
রিপোর্ট অনুযায়ী, ১০০-র মধ্যে ভারতের সামগ্রিক ক্ষমতার সূচক বেড়ে হয়েছে ৪০.৫। গত বছরের তুলনায় ০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তালিকায় প্রথম আমেরিকা (৭৮.৯), দ্বিতীয় চিন (৭৩.৬)। তবে ২০১৮ সালে সূচক চালুর পর এই প্রথম চিনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান এতটা কমেছে।
ভারতের প্রতিরক্ষা সহযোগিতা,কূটনৈতিক যোগাযোগ,সাংস্কৃতিক প্রভাব এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনাকে অগ্রগতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রিও ভারতের প্রভাব বাড়িয়েছে।
অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা পতন হলেও সাংস্কৃতিক প্রভাব ও প্রতিরক্ষা নেটওয়ার্কে উন্নতি হয়েছে। মোদির আঞ্চলিক নেতৃত্বের কার্যকারিতাও আগের তুলনায় তিন ধাপ এগিয়েছে। আন্তর্জাতিক মূল্যায়নে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব আরও একবার সামনে এল এই রিপোর্টে।
