মঙ্গলবার, নভেম্বর 24, 2026
17:01:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাংলাদেশে হিন্দুদের উপর হামলার অভিযোগ,বিদেশমন্ত্রীকে ইমেইল শুভেন্দুর!পথে নামার ডাক বিজেপির

বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলার অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ইমেইল পাঠিয়ে পরিস্থিতি জানানোর পাশাপাশি প্রতিবাদে পথে নামার আহ্বান জানিয়েছে রাজ্য বিজেপি।মোস্তাক আহমেদ জমাদার,মানুষের মতামত:বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজই দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ইমেইল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, প্রতিবেশী দেশের এই পরিস্থিতির প্রতিবাদে রাজ্যের সর্বস্তরের মানুষকে পথে নামার আহ্বান জানিয়েছে রাজ্য বিজেপি।

রাজনৈতিক ও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমন করতে বিএনপি-জামাত জোটের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সমর্থক ও কর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে। বিশেষ করে নড়াইল ও পাবনা জেলার একাধিক অংশে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে খবর ছড়িয়েছে।

বাংলাদেশের এই ঘটনাবলীর জেরে এপার বাংলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের উদ্ভূত পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি ইমেইল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় রাজ্যের উদ্বেগের কথা তিনি কেন্দ্রকে জানিয়েছেন বলে খবর।

এর আগে, গতকালই এই ইস্যুতে সরব হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু বাঙালিদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন শুরু হয়েছে। তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি ধর্মস্থান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও হামলা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের সচেতন নাগরিকদের এর বিরুদ্ধে প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তবে বাংলাদেশের এই সাম্প্রতিক অস্থিরতা এবং হামলার অভিযোগ নিয়ে রাজ্যের বিরোধী শিবিরের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন