মঙ্গলবার, নভেম্বর 24, 2026
17:37:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তৃণমূলের ভাঙন, কংগ্রেসের দুর্বলতা!সুযোগ কি বামেরা কাজে লাগাতে পারছে?

রাজ্যে বিজেপির প্রধান বিরোধী শক্তি হওয়ার স্বপ্ন দেখছে সিপিএম। কিন্তু নন্দীগ্রামে ২.৬৭% ও রেজিনগরে ১.৮৫% ভোট—বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠার পথে কতটা কঠিন চ্যালেঞ্জ বামেদের?

তপন রায়,মানুষের মতামত:রাজ্যে বিজেপির বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে মরিয়া বামেরা। মে মাসে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর কালীঘাটের আদিগঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছে। নেতৃত্বের সংকটে কংগ্রেসও এখনও নিজেদের গুছিয়ে উঠতে পারেনি। এই রাজনৈতিক পরিস্থিতিকেই সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে বামফ্রন্টের প্রধান শরিক সিপিএম। লক্ষ্য, রাজ্যে বিজেপির প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। কিন্তু নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফল সেই স্বপ্নের বাস্তবতা নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে। দলের নেতৃত্ব ও সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে শুরু হয় টানাপোড়েন। অন্যদিকে, কংগ্রেসও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে রাজ্য রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব তৈরি করতে পারেনি। ফলে বিরোধী রাজনীতিতে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা পূরণ করার সুযোগ দেখছেন সিপিএম নেতৃত্বের একাংশ।

সেই লক্ষ্যেই রাজপথে আন্দোলনের পাশাপাশি ছাত্র-যুবদের কাছে পৌঁছনোর চেষ্টা শুরু করেছে বামেরা। বিশেষ করে শারদোৎসবের সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে সিপিএম। বই, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাঙালির আবেগকে যুক্ত করে জনমত গড়ে তোলার চেষ্টা চলছে। কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরেও বইয়ের স্টল ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে সরব হয়েছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বাঙালির মননচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে বিকল্প রাজনৈতিক ভাষ্য তৈরি করতে চাইছে সিপিএম। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোই এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। তবে আন্দোলনের ময়দানে উপস্থিতি বাড়লেই যে নির্বাচনী সমর্থন বাড়বে, এমন নিশ্চয়তা নেই।

কারণ, পুজোর আগে রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল বামেদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। নন্দীগ্রামে সিপিআই প্রার্থী পেয়েছেন মাত্র ২.৬৭ শতাংশ ভোট। অন্যদিকে, রেজিনগরে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোটের হার মাত্র ১.৮৫ শতাংশ। এই দুই কেন্দ্রের ফলাফল দেখে প্রবীণ বাম নেতাদের একাংশও উদ্বিগ্ন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

প্রশ্ন উঠছে, যে রাজনৈতিক শক্তি দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে তিন শতাংশ ভোটও পেতে পারছে না, তারা কীভাবে অদূর ভবিষ্যতে রাজ্যের প্রধান বিরোধী শক্তি হয়ে উঠবে? শুধুমাত্র শাসকদলের বিরুদ্ধে আন্দোলন কিংবা তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিয়ে কি হারানো জনভিত্তি ফিরে পাওয়া সম্ভব?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামেদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংগঠনিক পুনর্গঠন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে বহু এলাকায় দলীয় সংগঠন দুর্বল হয়েছে। নতুন প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছনোর পাশাপাশি গ্রামীণ ও শহুরে ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করাও জরুরি। বিশেষত শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত এবং তরুণ ভোটারদের মধ্যে সমর্থন না বাড়লে নির্বাচনী রাজনীতিতে ঘুরে দাঁড়ানো কঠিন।

অন্যদিকে, তৃণমূলের বিভাজনের ফলে তৈরি রাজনৈতিক পরিস্থিতির সুবিধা কোন দল পাবে, তা এখনও স্পষ্ট নয়। বিরোধী ভোটের পুনর্বিন্যাসে বামেরা লাভবান হতে পারে, আবার সেই ভোট অন্য কোনও রাজনৈতিক শক্তির দিকেও যেতে পারে। ফলে শুধুমাত্র প্রতিপক্ষের দুর্বলতার উপর নির্ভর করে রাজনৈতিক উত্থানের প্রত্যাশা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্নও থাকছে।

সিপিএমের সামনে এখন কঠিন পরীক্ষা। বইয়ের স্টল ঘিরে আন্দোলন, সাংস্কৃতিক পরিসরে সক্রিয়তা এবং ছাত্র-যুবদের সংগঠিত করার উদ্যোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও ভোটবাক্সে তার প্রতিফলন এখনও স্পষ্ট নয়। নন্দীগ্রাম ও রেজিনগরের ফলাফল সেই বাস্তবতাই সামনে এনেছে। তাই রাজ্যে বিজেপির প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে হলে বামেদের শুধু আন্দোলন নয়,মানুষের আস্থা ও নির্বাচনী সমর্থনও ফিরে পেতে হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন