মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়—আসল তৃণমূলের স্বীকৃতি নিয়ে দুই শিবিরের লড়াই। জোড়াফুল প্রতীক, দলের নাম,তৃণমূল ভবন ও দলীয় তহবিল নিয়ে কী বিতর্ক?
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:আসল তৃণমূল কংগ্রেস কোনটি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী বিধায়কদের গড়ে তোলা শিবির? বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের অন্দরে শুরু হওয়া ক্ষমতার লড়াই এবার নির্বাচন কমিশনের দরজায়। দলের নাম, জোড়াফুল প্রতীক, তৃণমূল ভবনের অধিকার থেকে শুরু করে ব্যাঙ্কে গচ্ছিত বিপুল দলীয় তহবিল—সবকিছু নিয়েই দুই শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত কোন শিবির পাবে আসল তৃণমূলের স্বীকৃতি, তা নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসনসংখ্যা ৮০-তে নেমে আসার পর থেকেই দলের অন্দরে বিদ্রোহের সূত্রপাত। নির্বাচিত বিধায়কদের সিংহভাগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়ায় কার্যত প্রকাশ্যে চলে আসে নেতৃত্বের দ্বন্দ্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত শিবির নিজেদেরই প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে শুরু করে। পরবর্তী সময়ে সেই দাবির ভিত্তিতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিদ্রোহী শিবিরের নেতারা।
অন্যদিকে, দলের প্রতিষ্ঠাতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজেদের শিবিরকে আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনে। ফলে একই রাজনৈতিক দলের পরিচয় ও সাংগঠনিক উত্তরাধিকার নিয়ে দুই পক্ষের আইনি লড়াই শুরু হয়েছে। উভয় শিবিরই নিজেদের দাবির সমর্থনে কমিশনের কাছে যুক্তি তুলে ধরছে।
দুই পক্ষের দাবির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঋতব্রত শিবিরকে ‘গণতান্ত্রিক তৃণমূল’ এবং মমতা শিবিরকে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল’ নামে রাজনৈতিক কার্যকলাপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই অন্তর্বর্তী ব্যবস্থাই চূড়ান্ত স্বীকৃতি নয়। কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কোন শিবির দলের মূল পরিচয় ও নির্বাচনী প্রতীকের অধিকার পাবে।
এদিকে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত অর্থের অধিকার নিয়েও বিরোধ চরমে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় দলীয় তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা এখনও নিষ্পত্তি হয়নি। একইভাবে তৃণমূল ভবনের মালিকানা ও ব্যবহারের অধিকার নিয়েও প্রশ্ন উঠছে। তবে নির্বাচনী প্রতীকের স্বীকৃতি এবং দলীয় সম্পত্তি বা অর্থের মালিকানা পৃথক আইনি বিষয়। ফলে প্রতীক পাওয়ার অর্থই সমস্ত সম্পত্তির স্বয়ংক্রিয় অধিকার পাওয়া নয়।
নির্বাচনী প্রতীক সংক্রান্ত বিধির ১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, স্বীকৃত রাজনৈতিক দলে বিভাজন হলে নির্বাচন কমিশন দুই শিবিরের সাংগঠনিক শক্তি, জনপ্রতিনিধিদের সমর্থন এবং প্রাসঙ্গিক নথিপত্র বিচার করে সিদ্ধান্ত নিতে পারে। অতীতে কংগ্রেস, শিবসেনা এবং এনসিপির বিভাজনের ক্ষেত্রেও এই ধরনের বিরোধ সামনে এসেছে। সুপ্রিম কোর্টের রায়েও সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি বিবেচনার গুরুত্ব স্বীকৃত হয়েছে।
সেক্ষেত্রে ঋতব্রত শিবিরের পক্ষে অধিকাংশ বিধায়কের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে, মমতা শিবির দলের সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব এবং প্রতিষ্ঠিত পরিচয়ের ভিত্তিতে নিজেদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। তবে শুধুমাত্র বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা কিংবা প্রতিষ্ঠাতা নেত্রীর পরিচয়—কোনও একটিই চূড়ান্ত সিদ্ধান্তের নিশ্চয়তা দেয় না।
তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এখন রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে আইনি লড়াইয়ে পরিণত হয়েছে। জোড়াফুল প্রতীক শেষ পর্যন্ত কার হাতে থাকবে, কে পাবে আসল তৃণমূলের স্বীকৃতি, আর দলীয় সম্পত্তি ও অর্থের নিয়ন্ত্রণই বা কার হাতে যাবে—এই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা। নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এবং আদালতের রায়ের দিকেই তাকিয়ে দুই শিবির।
