আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার পরিষেবা নিতে রোগীদের হয়রানি কমাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে মেডিক্যাল কোঅর্ডিনেটর বা ‘মেডকো’ রাখার ব্যবস্থা করা হচ্ছে।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার পরিষেবা নিতে গিয়ে রোগী ও তাঁদের পরিবারকে যাতে হয়রানির মুখে না পড়তে হয়,সে জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন করে মেডিক্যাল কোঅর্ডিনেটর বা ‘মেডকো’ রাখার উপর জোর দেওয়া হচ্ছে। হাসপাতাল, চিকিৎসক, বিমা কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী আরোগ্য মিত্রদের মধ্যে সমন্বয় করবেন এই মেডকো।
রোগী প্রকল্পের আওতায় যোগ্য কি না, তাঁর রেজিস্ট্রেশন,পোর্টালে প্রি-অথোরাইজেশনের আবেদন এবং প্রয়োজনীয় নথিপত্র তৈরির বিষয়টি দেখবেন তিনি। চিকিৎসা চলাকালীন ক্লেমের জন্য প্রয়োজনীয় মেডিক্যাল নথি তৈরিতেও চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করবেন মেডকো। নথি নিয়ে কোনও প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাও তাঁর দায়িত্ব।
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের গাইডলাইন অনুযায়ী, চিকিৎসককে মেডকো হিসেবে সবচেয়ে উপযুক্ত ধরা হলেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকলে অন্য কর্মীকেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে। হাসপাতালের প্রশাসন,বিলিং, বিমা প্যাকেজ ও মেডিক্যাল ডকুমেন্টেশন সম্পর্কে তাঁর যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।স্বাস্থ্য দফতরের লক্ষ্য, শুধু প্রক্রিয়াগত জটিলতা বা নথির সমস্যায় কোনও যোগ্য রোগী যেন সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা থেকে বঞ্চিত না হন।
