কলকাতা লিগে নাটকীয় ড্র,চ্যাম্পিয়নশিপের দৌড়ে এগিয়ে মোহনবাগান

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কলকাতা লিগের সুপার সিক্সে দ্বিতীয় ম্যাচেই জমে উঠেছে চ্যাম্পিয়নশিপের লড়াই। ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং এবং মোহনবাগান ও ইউনাইটেড স্পোর্টস—দুই ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে।
মহামেডানের হয়ে লালথানকিমা গোল করে দলকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষ মুহূর্তে আকাশ হেমরামের গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এই ড্রয়ের ফলে লিগ জয়ের দৌড় থেকে কার্যত ছিটকে গেল লাল-হলুদ শিবির।
অন্যদিকে, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় অধরা রইল মোহনবাগানের। সবুজ-মেরুনের হয়ে গোল করেন সন্দীপ মালিক। শেষদিকে সুময় সোমের গোলে সমতা ফেরায় ইউনাইটেড স্পোর্টস।
প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে হারানোয় আপাতত শীর্ষে মোহনবাগান। শেষ ম্যাচে ড্র করলেই খেতাবের রাস্তা অনেকটাই পরিষ্কার হবে তাদের। তবে মহামেডানের কাছেও এখনও সুযোগ রয়েছে। শেষ ম্যাচের ফলেই নির্ধারিত হতে পারে কলকাতা লিগের ভাগ্য।
