‘এক রাজ্য,এক শিক্ষা’ নীতিতে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে আলিয়া বিশ্ববিদ্যালয়,নজরে এবার শিক্ষা দপ্তর?
‘এক রাজ্য,এক শিক্ষা’ নীতিতে আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে আনার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার।সিদ্ধান্ত ঘিরে মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভবিষ্যৎ নিয়েও শিক্ষা মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:আলিয়া বিশ্ববিদ্যালয়কে এবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন বিশ্ববিদ্যালয়টি সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ছিল। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের বক্তব্য, ‘এক রাজ্য,এক শিক্ষা’ নীতির মাধ্যমে সব সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য একই ধরনের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, একজন পড়ুয়া কোন সম্প্রদায়ের, তা না দেখে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন পেশায় সব সম্প্রদায়ের ছাত্রছাত্রীর সমান সুযোগ থাকা উচিত।
তবে আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে আনার সিদ্ধান্তের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠছে, আগামী দিনে মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাঠামোতেও কি কোনও পরিবর্তন আসবে? দপ্তরটি ভবিষ্যতে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত হতে পারে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। এখন পরবর্তী পদক্ষেপের দিকেই নজর।
