
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ভারী বৃষ্টি ও জলযন্ত্রণায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রিপল বিতরণ করতে গিয়ে চরম বিশৃঙ্খলার মুখে পড়লেন জামুড়িয়ার বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়। ব্যক্তিগত উদ্যোগে নিজের বাসভবন থেকে ত্রিপল দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই উপচে পড়ে মানুষের ভিড়। অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বহু স্বচ্ছল মানুষও ত্রাণের লাইনে দাঁড়িয়ে পড়েন। একই পরিবারের একাধিক সদস্য বারবার ত্রিপল নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ বিধায়কের।
সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ এক ব্যক্তি বিধায়কের বাড়ির সামনেই মলত্যাগ করে পালিয়ে যাওয়ায়। ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বিধায়ক আবেদন জানান, প্রকৃত প্রয়োজন রয়েছে এমন মানুষই যেন ত্রাণ নেন।
