রবিবার, অক্টোবর 25, 2026
18:13:12 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাড়ির বিছানায় সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ!খুন,নাকি অসুস্থতা?—মালদায় রহস্য

মালদার ইংরেজবাজারের আনন্দমোহনপুরে সিভিক ভলান্টিয়ার পবিত্র কর্মকারের দেহ উদ্ধার।মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আমিনুল হক,মানুষের মতামত:বাড়ির দোতলার শোবার ঘরে বিছানার উপর থেকে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। অসুস্থতার কারণে মৃত্যু, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? এই প্রশ্ন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার আনন্দমোহনপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের নাম পবিত্র কর্মকার (৪২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও কথা বলতে অসুবিধা হতো তাঁর। সিভিক ভলান্টিয়ার হিসেবে পাওয়া বেতনেই চলত সংসার। স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে তাঁর।

পরিবারের সদস্যরা শনিবার বিকেলে বাড়ি ফিরে দোতলার শোবার ঘরে বিছানার উপর পবিত্রবাবুর নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিল্কি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।কীভাবে মৃত্যু হল পবিত্র কর্মকারের? মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন