রবিবার, অক্টোবর 25, 2026
16:12:46 | কলকাতা
সর্বশেষ সংবাদ

টাকা দ্বিগুণের টোপ, তারপরই উধাও ১৭ কোটি!কোথায় গেল ২ হাজার মানুষের সঞ্চয়?

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ‘আস্থা’ আর্থিক সংস্থার বিরুদ্ধে প্রায় ২ হাজার আমানতকারীর ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। টাকা ফেরতের দাবিতে থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:টাকা দ্বিগুণ করে ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২ হাজার আমানতকারীর কাছ থেকে ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল ‘আস্থা’ নামে একটি আর্থিক সংস্থার বিরুদ্ধে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না পেয়ে সংস্থার অফিসে গিয়ে তালা ঝুলতে দেখেন আমানতকারীরা। এরপর টাকা ফেরতের দাবিতে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে ডাকবাংলা বাজার এলাকায় সংস্থাটির কাজ শুরু হয়। অভিযোগ, অল্প সময়ে টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করা হয়েছিল। অনেকে নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ও সেখানে জমা রেখেছিলেন।

আমানতকারীদের অভিযোগ, বারবার টাকা ফেরত চেয়েও কোনও লাভ হয়নি। এরই মধ্যে সংস্থার অফিস বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের উদ্বেগ বেড়েছে।কর্ণধারেরও কোনও খোঁজ মিলছে না বলে অভিযোগ।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।সংগৃহীত টাকা কোথায় গেল এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত,তা তদন্তের পরেই স্পষ্ট হবে। নিজেদের সঞ্চয় ফেরতের আশায় এখন পুলিশের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন