ময়নাগুড়ির উল্লাডাবরিতে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু ট্রেলার চালক নগেন্দ্র যাদবের।ছোট মালবাহী গাড়ির ধাক্কায় দুর্ঘটনা, দুটি গাড়ি আটক করে তদন্ত শুরু পুলিশের।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:উৎসবের মুখে মর্মান্তিক পথ দুর্ঘটনা ময়নাগুড়ির উল্লাডাবরিতে। জাতীয় সড়কে গাড়ির টায়ার পরীক্ষা করার সময় একটি ছোট মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল ট্রেলার চালক নগেন্দ্র যাদবের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেলারটি শিলিগুড়ির দিক থেকে অসমের দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের উল্লাডাবরির কাছে ট্রেলার দাঁড় করিয়ে টায়ার পরীক্ষা করছিলেন চালক নগেন্দ্র যাদব। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ছোট চারচাকার মালবাহী গাড়ি তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গুরুতর আহত চালককে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় ছোট মালবাহী গাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়।পুলিশ জানিয়েছে, মৃত নগেন্দ্র যাদবের বাড়ি উত্তরপ্রদেশে।তাঁর পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে।দুর্ঘটনার পর থেকে ছোট গাড়ির চালকের কোনও খোঁজ মেলেনি।পুলিশ দুটি গাড়িই আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
