২০ শতাংশ পুজোর বোনাস না পাওয়ার অভিযোগে আলিপুরদুয়ারের পাঁচটি চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ।পথ অবরোধে পুলিশের বাধার পর মাদারিহাট থানা ঘেরাও।
তপন রায়,মানুষের মতামত:দুর্গাপুজোর বোনাস না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন চা শ্রমিকরা। শুক্রবার, ষষ্ঠীর দিনও ২০ শতাংশ বোনাস না পাওয়ায় মাদারিহাট-বীরপাড়া ব্লকের পাঁচটি চা বাগানের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভে শামিল হন।অভিযোগ, ৫ অক্টোবরের মধ্যে ২০ শতাংশ বোনাস মেটানোর সরকারি অ্যাডভাইজরি থাকলেও তা মানেনি মেরিকো অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। বীরপাড়া, হান্টাপাড়া, তুলসিপাড়া, ধুমচিপাড়া ও গ্যারগান্ডা চা বাগানের শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।
এদিন সকালে বীরপাড়া চা বাগানের শ্রমিকরা ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। এরপর কারখানার সামনে বিক্ষোভ শুরু হয়। অন্যদিকে, চারটি চা বাগানের শ্রমিকরা মাদারিহাটে পৌঁছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে অবরোধের চেষ্টা করলেও পুলিশ তাঁদের আটকে দেয়। পরে কয়েকশো শ্রমিক মাদারিহাট থানা ঘেরাও করেন।
পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা অনুরাধা তলোয়ারের অভিযোগ, বারবার চুক্তিভঙ্গের পরেও মেরিকোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার। খবর লেখা পর্যন্ত থানার সামনে বিক্ষোভ চলছিল।
