শনিবার, অক্টোবর 17, 2026
03:12:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, জেসমিনার মাকে ১০ লক্ষ টাকা,রেল দুর্ঘটনায় মৃত দুই পড়ুয়ার পরিবারে চাকরি

রেজিনগরে দুর্ঘটনায় মৃত শিশু জেসমিনার মাকে ১০ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেল দুর্ঘটনায় মৃত দুই পড়ুয়ার পরিবারেও চাকরির নিয়োগপত্র।

আমিনুল হক,মানুষের মতামত:প্রতিশ্রুতি পূরণে মানবিক উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রেজিনগরে উপনির্বাচনের প্রচারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিল ছ’বছরের শিশু জেসমিনা খাতুন। সেই সময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনবিধির কারণে তখন সাহায্য করা সম্ভব হয়নি বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ সফরে এসে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী।

বুধাসপাড়া সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে জেসমিনার মা সুমিতা বিবির হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, চলতি বছরের জুলাইয়ে খাগড়াঘাট ও কর্ণসুবর্ণ স্টেশনের মাঝে গোবিন্দপুর রেলগেটের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত দুই পড়ুয়ার পরিবারের সদস্যদের হাতেও সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জেসমিনার বাবাকেও সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “কোনও মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। চাকরি দিন বা অর্থ দিন, কোনও কিছু দিয়েই সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবু সরকারের একটা দায়িত্ব রয়েছে। মানবিকতার জায়গা থেকেই এই উদ্যোগ।”তাঁর কথায়, এটি নিছক আনুষ্ঠানিকতা নয়, রাজ্য সরকারের মানবিক প্রয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী, বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। তিন পরিবারের হাতে সাহায্য ও নিয়োগপত্র তুলে দেওয়ার ঘটনায় নতুন করে সামনে এল সরকারের প্রতিশ্রুতি পূরণের বার্তা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন