অন্ধ্রপ্রদেশে অভিযান চালিয়ে বুদ্ধদেব মণ্ডল ওরফে বরদাকে গ্রেফতার করল বসিরহাট পুলিশ।উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি,দাবি তদন্তকারীদের।
হাসানুজ্জামান,মানুষের মতামত:অন্ধ্রপ্রদেশে আত্মগোপন করেও শেষরক্ষা হল না। বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও বসিরহাট থানার যৌথ অভিযানে গ্রেফতার হলেন বুদ্ধদেব মণ্ডল ওরফে বরদা। তাঁর বিরুদ্ধে একাধিক খুন ও অস্ত্র সংক্রান্ত মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে খবর, বসিরহাট থানার একটি মামলায় দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল তদন্তকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে অন্ধ্রপ্রদেশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁর বয়ানের সূত্র ধরে স্বপন দাস, রামকৃষ্ণ মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডল-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।ধৃতদের কাছ থেকে দুটি দেশি পিস্তল, একটি ৭ এমএম পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার জানান, পুজোর আগে এলাকাকে অপরাধমুক্ত করার লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এল এবং সেগুলি অন্য কোনও অপরাধে ব্যবহৃত হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত,তা জানতে তদন্ত চলছে।
