জলপাইগুড়ির নাগরাকাটায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সরকারি শিডিউল না দেখানোর অভিযোগ। কাজের গুণগত মান যাচাইয়ের দাবি গ্রামবাসীদের।
তপন রায়,মানুষের মতামত:নাগরাকাটায় রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সরকারি শিডিউল না দেখানোর অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। চা বাগানের ফ্যাক্টরি লাইন ও নাগরাগাড্ডা লাইন এলাকার ১১২ নম্বর পার্টে রাস্তা নির্মাণের কাজ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের অপেক্ষার পর রাস্তার কাজ শুরু হলেও নির্মাণের গুণগত মান নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। রাস্তার ঢালাইয়ের পুরুত্ব দেড় ইঞ্চিও হচ্ছে না বলে দাবি তাঁদের। ফলে বর্ষার সময় রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর আরও অভিযোগ, রাস্তার দৈর্ঘ্য, ঢালাইয়ের নির্ধারিত মাপ এবং নির্মাণে ব্যবহৃত সামগ্রীর বিবরণ জানতে চাইলেও ঠিকাদারের কাছ থেকে স্পষ্ট উত্তর মেলেনি। কাজের জায়গায় কোনও তথ্যবোর্ড না থাকায় প্রকল্পের বিস্তারিত তথ্যও জানা যাচ্ছে না বলে দাবি তাঁদের।গ্রামবাসীদের বক্তব্য, সরকারি অর্থে রাস্তা তৈরি হচ্ছে। তাই নির্ধারিত শিডিউল মেনে কাজ করা এবং নির্মাণের গুণগত মান বজায় রাখা জরুরি। রাস্তার কাজ বন্ধ করা তাঁদের উদ্দেশ্য নয়, বরং সঠিক মান বজায় রেখে কাজ শেষ করাই তাঁদের দাবি।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখা, নির্মাণের শিডিউল প্রকাশ্যে আনা এবং রাস্তার কাজের গুণগত মান পরীক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযোগের বিষয়ে ঠিকাদারের বক্তব্য জানা যায়নি।
