পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দরে মজুরি বৃদ্ধি ও কাজের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখালেন ঠিকা শ্রমিকরা। প্রায় ৮৭০ জন শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। শ্রমিকদের দাবি নিয়ে সরব বিজেপি নেতা শ্যামল আদক।
রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় সোমবার জহর টাওয়ারের সামনে বিক্ষোভে শামিল হলেন বন্দর ঠিকা শ্রমিকরা। মজুরি বৃদ্ধি না করে ঠিকাদারের অধীনে কাজ করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। দীর্ঘ ১০-১৫ বছর বা তারও বেশি সময় ধরে কাজ করা প্রায় ৮৭০ জন শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।
শ্রমিকদের দাবি, মজুরি বৃদ্ধি করতে হবে এবং ঠিকাদারের অধীনে নয়, তাঁদের কাজের ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই দিনভর চলে বিক্ষোভ।বিজেপি নেতা শ্যামল আদক বন্দর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, শ্রমিকদের কম মজুরিতে কাজ করানোর চেষ্টা চলছে এবং কর্তৃপক্ষ শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরি করছে। তিনি জানান, শ্রমিকদের ন্যায্য দাবির পাশে থাকবেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের দাবি ও বন্দর কর্তৃপক্ষের অবস্থান ঘিরে এখন নজর শিল্পনগরী হলদিয়ার পরিস্থিতির দিকে।
