মঙ্গলবার, অক্টোবর 13, 2026
05:07:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাস্তা নেই,ড্রেন নেই, জলের কলও নেই! কোথায় গেল উন্নয়নের লক্ষ লক্ষ টাকা?

বসিরহাট ২ নম্বর ব্লকের শ্রীনগর-মাটিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে রাস্তা, ড্রেন ও পানীয় জলের প্রকল্পে অনিয়মের অভিযোগ। গ্রামবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

হাসানুজ্জামান,মানুষের মতামত:রাস্তা নির্মাণ,নিকাশি নালা তৈরি এবং পানীয় জলের টিউবওয়েল বসানোর প্রকল্পে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও বাস্তবে কোনও কাজ হয়নি—এমনই গুরুতর অভিযোগ উঠেছে বসিরহাট ২ নম্বর ব্লকের শ্রীনগর-মাটিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। শ্রীনগর ও কন্দপপুর এলাকার ৪৭ ও ৪৮ নম্বর বুথের গ্রামবাসীদের অভিযোগ, প্রকল্পের টাকা খরচ দেখানো হলেও পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা।

অভিযোগের ভিত্তিতে বিডিওর কাছে লিখিত আবেদন জানান গ্রামবাসীরা। এরপর প্রশাসনিক আধিকারিকরা এলাকায় গিয়ে তদন্ত শুরু করেন। তবে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা এখনও চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি।একাধিক অভিযোগের জেরে গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিমা পারভীনের পদত্যাগের বিষয়টিও সামনে এসেছে বলে দাবি স্থানীয়দের।

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে, বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও বিপ্লব বসাক জানান, তদন্ত চলছে। তদন্তে যা উঠে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপিও। বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক তৌসিফুর রহমান বলেন, “আগে কী হয়েছে, তা জানি না। আমি পাঁচ মাসের বিধায়ক। তদন্তেই সবকিছু উঠে আসবে।”

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন