দিল্লিতে বিক্ষোভ ও গণসমাবেশের স্থান পরিবর্তন। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়ে রামলীলা ময়দান, বুরারি ময়দান ও পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডকে নতুন স্থান হিসেবে চিহ্নিত করল দিল্লি পুলিশ।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দিল্লিতে বিক্ষোভ ও গণআন্দোলনের জন্য নির্ধারিত স্থান বদলের সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ। নতুন নির্দেশিকা অনুযায়ী, এতদিন প্রতিবাদ-বিক্ষোভের অন্যতম পরিচিত কেন্দ্র যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে তিনটি নতুন জায়গাকে বিক্ষোভ ও সমাবেশের জন্য নির্দিষ্ট করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষরিত একটি স্ট্যান্ডিং অর্ডারে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, নাগরিকদের প্রতিবাদ ও বিক্ষোভ আয়োজনের অধিকার বজায় রেখে বিকল্প উপযুক্ত স্থান চিহ্নিত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে।নতুন নির্দেশিকা অনুযায়ী, বিক্ষোভ ও গণসমাবেশের জন্য নির্ধারিত তিনটি জায়গা হল—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। আগে যন্তর মন্তর এই তালিকায় থাকলেও নতুন নির্দেশে সেই স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, নতুন নির্ধারিত স্থানগুলিতে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের জন্য বিস্তারিত সংশোধিত এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) পরে জারি করা হবে। এই নির্দেশিকা ২৮ এপ্রিল ২০২২-এর আগের নির্দেশের আংশিক সংশোধন।রাজনৈতিক দল,বিভিন্ন সংগঠন এবং নাগরিক আন্দোলনের কাছে দিল্লি দীর্ঘদিন ধরেই প্রতিবাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই বিক্ষোভস্থল পরিবর্তনের এই সিদ্ধান্তে আগামী দিনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন ও স্থান নির্বাচন কীভাবে প্রভাবিত হয়, এখন সেদিকেই নজর থাকবে।
