মালদার গাজোলের সিংহইল এলাকায় বাড়ির সামনে উদ্ধার ২২ বছরের বিপ্লব মুর্মুর দেহ। মৃত্যুর কারণ ঘিরে রহস্য, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ।
তপন রায়,মানুষের মতামত:বাড়ির সামনেই উদ্ধার বিজেপির বুথ সভাপতির ২২ বছরের ছেলের নিথর দেহ। সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার গাজোল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল এলাকায়। মৃত যুবকের নাম বিপ্লব মুর্মু। তাঁর বাবা মাঝি মুর্মু সংশ্লিষ্ট বুথের বিজেপি সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক মহিলা বাড়ির সামনে বিপ্লবকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে নিথর অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাঁদের অনুমান, পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকতে পারে বিপ্লবকে।নিহতের বাবা মাঝি মুর্মুর বক্তব্য, ঘটনার নেপথ্যে রাজনৈতিক শত্রুতা অথবা ছেলের প্রণয়ঘটিত সম্পর্কের যোগ থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনও কারণ নিশ্চিত হয়নি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। তদন্তে যান মালদা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুণাল বার্নাবাসও। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
