রাজ্যজুড়ে রেইডের ঝড়, তার মাঝেই জেলাশাসকের সিল করা বোতলে আবর্জনা—বাজারের পানীয় জল নিয়ে বড় প্রশ্ন
রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা দফতরের রেইডের মাঝেই তমলুকে জেলাশাসকের বোতলে মিলল নোংরা আবর্জনা। জল খেয়ে অসুস্থ বোধ করেন তিনি। ঘটনায় তদন্ত ও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পানীয় জলের বোতল কিনে নিশ্চিন্তে জল খাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু সেই বোতলের ভিতরেই যদি থাকে নোংরা আবর্জনা? তমলুকে এমনই চাঞ্চল্যকর ঘটনায় প্রশ্ন উঠেছে বোতলজাত পানীয় জলের মান ও নজরদারি নিয়ে।
পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে প্রতিদিন বিভিন্ন বৈঠক ও সরকারি কর্মসূচি হয়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা চলাকালীন জেলাশাসক নিরঞ্জন কুমারকে একটি সিল করা জলের বোতল দেওয়া হয়। বোতলের সিল খুলে জল খাওয়ার পরই তাঁর নজরে আসে জলের মধ্যে নোংরা আবর্জনা ভাসছে। সেই জল খেয়ে তিনি অসুস্থ বোধ করেন। পরে অবশ্য সুস্থ হয়ে ওঠেন।
ঘটনার পরই দফতরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কোথা থেকে ওই জল এসেছে, কীভাবে তৈরি হয়েছে এবং বাজারে কীভাবে বিক্রি হচ্ছে—তা খতিয়ে দেখতে কনজিউমার ফোরামকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলাশাসক জানান, স্বাস্থ্যবিধি না মেনে পানীয় জল তৈরি ও বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর এই ঘটনায় বাজারের বোতলজাত জলের গুণমান নিয়েও নতুন করে প্রশ্ন উঠল।
