দিল্লিতে মণিপুরী সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ,‘ক্রাইম ক্যাপিটাল’ বলে শাহকে নিশানা খাড়গের
দিল্লিতে মণিপুরী সঙ্গীতশিল্পী চংথম বিক্রম সিংকে পিটিয়ে হত্যার অভিযোগ।ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি সরকারকে নিশানা খাড়গে-রাহুলের, উত্তর-পূর্বের মানুষের নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:রাজধানী দিল্লিতে মণিপুরের পরিচিত সঙ্গীতশিল্পী চংথম বিক্রম সিংকে গণপিটুনিতে হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ৫৪ বছরের বিক্রম দীর্ঘদিন দিল্লির কিলোকরি ভিলেজে থাকতেন। অভিযোগ, সোমবার রাতে তাঁর বাড়ির সামনে কয়েকজন ডেলিভারি কর্মী ও ধাবাকর্মী মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি করছিলেন। তাঁদের থামাতে বাইরে বেরিয়ে আসার পর বিক্রমের সঙ্গে বচসা হয়। এরপর তাঁকে চড়, ঘুসি-সহ মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ,দেশের বিভিন্ন অংশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অমিত শাহের অধীনে দিল্লিকে ‘ক্রাইম ক্যাপিটাল’ বলেও কটাক্ষ করেন তিনি।
এর আগে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ঘটনায় নিন্দা জানিয়ে উত্তর-পূর্বের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।
