পুলিশকে দেখে পালানোর চেষ্টা, ধাওয়া করে ২ লরি থেকে উদ্ধার ৪৫ গরু
ঝাড়গ্রামে পুলিশের ধাওয়ায় আটক দুই গরুবোঝাই লরি। উদ্ধার হয়েছে ৪৫টি গরু। বেআইনি পাচারের অভিযোগে দুই চালক গ্রেফতার। গরুগুলির গন্তব্য ও পাচারচক্রের খোঁজে তদন্ত চলছে।

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত: পুলিশের চোখ এড়িয়ে গরু নিয়ে পালানোর চেষ্টা। কিন্তু শেষরক্ষা হল না। ঝাড়গ্রাম থানার পুলিশ ধাওয়া করে দু’টি গরুবোঝাই লরি আটক করে। লরি দু’টি থেকে মোট ৪৫টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে কলকাতার দিকে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। মধ্যরাতে পাড়া বিট হাউস এলাকার টোল প্লাজার কাছে লরি দু’টি পুলিশের নজরে আসে। সন্দেহ হওয়ায় থামার নির্দেশ দেওয়া হলেও চালকেরা পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর পুলিশ ধাওয়া করে লরি দু’টি আটক করে। তল্লাশিতে গরুগুলিকে বাঁধা অবস্থায় পাওয়া যায়। বেআইনি পাচারের অভিযোগে চালকদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলির গন্তব্য ও ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
