ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড এগরা!উপড়ে পড়ল গাছ,ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
এগরায় আচমকা ঝড়-বৃষ্টিতে একাধিক গ্রামে উপড়ে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত কাঁচা-পাকা বাড়ি। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়লেও স্থানীয়রা নিজেরাই গাছ সরিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন।

রাজকুমার বেরা,মানুষের মতামত:মাত্র কয়েক মিনিটের দমকা হাওয়া ও বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল পূর্ব মেদিনীপুরের এগরার একাধিক গ্রাম। সোমবার বিকেলে আচমকা ঝড়ের দাপটে চাটলা, কলসাপোতা, চিরুলিয়া-সহ সংলগ্ন এলাকায় একের পর এক বড় গাছ উপড়ে ও মচকে পড়ে। গাছের ডাল ভেঙে পড়ে বেশ কয়েকটি কাঁচা ও পাকা বাড়ির চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও দেওয়ালেও ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি রাস্তার উপর গাছ ও ডালপালা পড়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঝড় থামার পর পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের অপেক্ষা না করে কুড়ুল ও করাত নিয়ে নিজেরাই রাস্তা থেকে ভেঙে পড়া গাছ সরানোর কাজে নামেন। স্থানীয়দের তৎপরতায় দ্রুত বেশ কয়েকটি রাস্তা চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও বড় ধরনের হতাহতের খবর মেলেনি।
