শুক্রবার, অক্টোবর 23, 2026
23:04:03 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সংঘর্ষে বিপর্যস্ত সুদান,ত্রাণ পৌঁছনো কঠিন—কী করছে রাষ্ট্রসংঘ?

যুদ্ধের জেরে দুর্ভোগে সাধারণ মানুষ,বাধাগ্রস্ত ত্রাণ ও চিকিৎসা পরিষেবা

মোস্তাক আহমেদ জমাদার,মানুষের মতামত:সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। দীর্ঘদিনের এই লড়াইয়ে প্রাণহানির পাশাপাশি ঘরছাড়া হয়েছেন বহু মানুষ।খাদ্য,পানীয় জল, ওষুধ ও চিকিৎসার অভাবে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও।

রাষ্ট্রসংঘের ১০ থেকে ১৬ অক্টোবরের সাপ্তাহিক আপডেট অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ তীব্র হয়েছে। বিশেষ করে কর্দোফান ও ব্লু নাইল অঞ্চলে হামলা এবং ড্রোন ব্যবহারের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার কাজও বাধার মুখে পড়ছে। ফলে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা পৌঁছনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে আন্তর্জাতিক মহল। রাষ্ট্রসংঘ,আফ্রিকান ইউনিয়ন,ইউরোপীয় ইউনিয়ন,আরব লিগ এবং আঞ্চলিক সংগঠন আইজিএডি-র প্রতিনিধিরা সুদানের রাজনৈতিক ও নাগরিক পক্ষগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছেন। লক্ষ্য, সব পক্ষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপের পথ তৈরি করা। যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে।

তবে কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও সংঘর্ষ থামার স্পষ্ট ইঙ্গিত এখনও নেই। রাষ্ট্রসংঘের মতে, বাইরের শক্তিগুলির সামরিক সহায়তা বন্ধ করা এবং সংঘর্ষে জড়িত পক্ষগুলিকে আলোচনায় বসানো অত্যন্ত জরুরি। সুদানে স্থায়ী শান্তি ফেরাতে শুধু যুদ্ধবিরতির ঘোষণা যথেষ্ট নয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন ত্রাণ পৌঁছে দেওয়া এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরি করাই এখন আন্তর্জাতিক মহলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন