উত্তরবঙ্গের ২১টি বন্ধ চা-বাগানের ১৯,৫২৪ জন কর্মহীন শ্রমিককে ৫ হাজার টাকা ও পরিবার পিছু ৫০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। চালু চা-বাগানে বোনাস বেড়ে ২০ শতাংশ।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানের কর্মহীন শ্রমিক পরিবারগুলির জন্য মানবিক উদ্যোগ রাজ্য সরকারের। বন্ধ ২১টি চা-বাগানের ১৯,৫২৪ জন কর্মহীন শ্রমিককে উৎসবকালীন সহায়তা হিসেবে এককালীন ৫,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত পরিবার পিছু ৫০ কেজি চাল দেওয়া হবে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বন্ধ চা-বাগানের কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। তবে ৬০ বছরের বেশি বয়সি শ্রমিকেরা এই আর্থিক সহায়তা পাবেন না।
অন্যদিকে, চালু চা-বাগানের শ্রমিকদের উৎসবকালীন বোনাসও বাড়ানো হয়েছে। গত বছর ১৬ শতাংশ বোনাস দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবেও অনুমোদন মিলেছে। উৎসবের আগে এই সিদ্ধান্তে উত্তরবঙ্গের চা-শ্রমিক পরিবারগুলির আর্থিক সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।
