জলপাইগুড়ির মারওয়ারি বয়েজ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার উপর নজরদারি ও পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ।অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।
তপন রায়,মানুষের মতামত:বিদ্যালয়ের মধ্যেই এক শিক্ষিকার উপর নজরদারি চালানো,এমনকি তিনি বাথরুমে গেলেও উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। পাশাপাশি,পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি মারওয়ারি বয়েজ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ,বিদ্যালয়ের ওই শিক্ষক প্রভাত মন্ডল দীর্ঘদিন ধরে এক শিক্ষিকার গতিবিধির উপর নজর রাখতেন। এমনকি শিক্ষিকা বাথরুমে গেলেও তাঁর উপর নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করার অভিযোগও সামনে এসেছে। একের পর এক অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ।
সোমবার বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।তাঁদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বিজেপির শিক্ষা সেলের প্রতিনিধিরাও। অভিযুক্ত শিক্ষকের আচরণ নিয়ে প্রশ্ন তুলে উপযুক্ত পদক্ষেপের দাবি জানান তাঁরা।যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক প্রভাত মন্ডল। ফলে ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
পুজোর মুখে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই এবং বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেএখন সেদিকেই নজর রয়েছে।
