মঙ্গলবার, অক্টোবর 13, 2026
10:49:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাজ্য বার কাউন্সিলে পালাবদল,আইনজীবী মহলে নতুন সমীকরণ! প্রভাব পড়বে কি বিচারব্যবস্থায়?

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে বিজেপি-সমর্থিত প্রার্থীদের জয়ের খবর ঘিরে নতুন আলোচনা। আইনজীবীদের স্বার্থ, আদালতের পরিকাঠামো ও বার কাউন্সিলের ভূমিকা নিয়ে বাড়ছে আগ্রহ।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদলের পর এবার রাজ্য বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদগুলিতেও বদল এল। সোমবার, ১২ অক্টোবর, ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের পদাধিকারী নির্বাচনে বিজেপি-সমর্থিত প্রার্থীদের জয়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ফলকে ঘিরে আইনজীবী মহল ও রাজনৈতিক পরিসরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনজীবীদের পেশাগত স্বার্থরক্ষা থেকে শুরু করে আদালতের পরিকাঠামোগত উন্নয়ন—নতুন নেতৃত্বের সামনে এখন একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,বার কাউন্সিলের সভাপতি পদে সমীর পাল ১৮-৮ ভোটে জয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে অজয় চৌবে ১৭-৯ ভোটে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় রাজ্যের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন অরুণ সরকার, তিনিও ১৭-৯ ভোটে জয়লাভ করেছেন। এই তিনটি গুরুত্বপূর্ণ পদে বিজেপি-সমর্থিত প্রার্থীদের জয় রাজ্যের আইনজীবী সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন আদালতে আইনজীবীদের পরিকাঠামোগত সমস্যার সমাধান নিয়ে পুজোর পরে নবনির্বাচিত বার কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে। আদালত চত্বরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়ন এবং আইনজীবীদের বিভিন্ন সমস্যার সমাধান সেই আলোচনায় গুরুত্ব পেতে পারে।তবে এই নির্বাচনের গুরুত্ব কেবল রাজনৈতিক পালাবদলের মধ্যে সীমাবদ্ধ নয়। বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত স্বার্থ, নথিভুক্তিকরণ এবং পেশাগত আচরণবিধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ফলে নতুন নেতৃত্বের কাছে আইনজীবীদের প্রত্যাশা, সংগঠনের স্বচ্ছতা এবং পেশাগত স্বাধীনতা রক্ষার প্রশ্নও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রতিশ্রুতি একদিকে যেমন পরিকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে বার কাউন্সিলের স্বতন্ত্র ভূমিকা বজায় রাখার বিষয়টিও আলোচনায় থাকবে।এখন দেখার,নতুন নেতৃত্ব রাজনৈতিক সমীকরণের ঊর্ধ্বে উঠে আইনজীবীদের বাস্তব সমস্যা সমাধানে কতটা কার্যকর ভূমিকা নিতে পারে। কারণ,শেষ পর্যন্ত বার কাউন্সিলের সাফল্যের মূল্যায়ন হবে আইনজীবীদের স্বার্থরক্ষা, পেশাগত মর্যাদা এবং বিচারপ্রার্থীদের সুবিধা নিশ্চিত করার নিরিখেই।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন