মঙ্গলবার, অক্টোবর 13, 2026
04:11:51 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শাসকদলের বিধায়কের মুখেই স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবি,বেড-সঙ্কট সামলাতে তড়িঘড়ি উদ্যোগ?

পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে বেড-সঙ্কট মোকাবিলায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ স্বাস্থ্য ভবনের। একাধিক হাসপাতালকে যুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:সরকারি হাসপাতালে বেডের অভাবে রোগীর চিকিৎসা যাতে আটকে না থাকে, সেই লক্ষ্যে বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, প্রাথমিকভাবে এসএসকেএমের সঙ্গে কেপিসি, আর জি করের সঙ্গে আইএলএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজের সঙ্গে ঢাকুরিয়া মণিপাল, কলকাতা মেডিক্যাল কলেজের সঙ্গে সল্টলেক মণিপাল এবং সাগর দত্তের সঙ্গে জেনিথ হাসপাতালকে যুক্ত করার পরিকল্পনা হয়েছে। অ্যাপোলো ও বেলভিউয়ের সঙ্গেও আলোচনা চলছে।

সম্প্রতি জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের অভিযোগ, বেডের খোঁজে জেলা থেকে কলকাতা—কোথাও চিকিৎসার ব্যবস্থা করা যায়নি। শেষ পর্যন্ত রাস্তায় ঘুরতে ঘুরতেই মৃত্যু হয় রোগীর। সমাজমাধ্যমে তাঁর এই বক্তব্য সরকারি স্বাস্থ্য পরিষেবার বেড-সঙ্কট ও ভর্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্বাস্থ্য ভবন সূত্রের দাবি, সরকারি হাসপাতাল থেকে পাঠানো রোগীদের বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করার উদ্যোগ চলছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, এ নিয়ে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।তবে প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালে বেডের সঙ্কট ও দালালচক্রের অভিযোগ সামলাতে এই ব্যবস্থা কতটা কার্যকর হবে? উদ্যোগের বাস্তবায়ন এবং রোগীদের কাছে তার সুফল পৌঁছনোর দিকেই এখন নজর|

 

 

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন