দুর্গাপুজোর আগে সবজির আকাশছোঁয়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের! বাজারে ধনেপাতা কিলোপ্রতি ৩০০ টাকা, ক্যাপসিকাম ২০০ টাকা, শিম ১২০ টাকা। পটল, বেগুন, ফুলকপির দামও চড়া বলে অভিযোগ ক্রেতাদের। বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের। সবজির দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে।পুজোর আগে দাম কমাতে কী পদক্ষেপ নেবে সরকার?
তপন রায়,মানুষের মতামত:পুজোর মুখে সবজির বাজারে আগুন! কাঁচালঙ্কা কিনতে গিয়ে চোখে জল ক্রেতাদের। শুধু লঙ্কা নয়,ধনেপাতা থেকে শুরু করে টমেটো, ফুলকপি,পটল,বেগুন সবেতেই দামের ছেঁকা। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই বাজারে সবজির আকাশছোঁয়া দামে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের।
বাংলার জেলা গুলির বিভিন্ন বাজারে সবজির দাম এখনও চড়া বলে অভিযোগ ক্রেতাদের।
বাজারে ধনেপাতা বিক্রি হচ্ছে কিলোপ্রতি ৩০০ টাকায়।ক্যাপসিকাম ২০০ টাকা, শিম ও পালং শাক ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কিলো। অন্যদিকে পটল ৬০ টাকা, শশা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, সুজি কচু ৮০ টাকা এবং মুলো বিক্রি হচ্ছে ৮০ টাকা কিলো দরে।যদিও শহরাঞ্চলে এই মূল্য আরো বেশি!
শীতের আমেজ শুরু হলেও এখনও বাজারে সেভাবে দেখা মিলছে না শীতকালীন সবজির সম্ভার। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, এই সময় সবজির দাম কিছুটা হলেও কমবে। কিন্তু বাস্তবে ছবিটা সম্পূর্ণ উল্টো।ক্রেতাদের অভিযোগ,বাজারে ঢুকলেই সবজির দাম শুনে রীতিমতো চমকে উঠতে হচ্ছে। আগে যে পরিমাণ সবজি কেনা হতো,এখন সেই পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে। সংসারের খরচ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
অন্যদিকে ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে সবজির জোগান পর্যাপ্ত নেই। গ্রামের বড় বড় হাট, সবজি উৎপাদনকারী এলাকা থেকে শুরু করে পাইকারি বাজারেও দাম অনেকটাই বেশি। ফলে বেশি দামে সবজি কিনে খুচরো বাজারে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
দাম বাড়ার প্রভাব পড়েছে বিক্রিবাটাতেও। বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক কম। যাঁরা আসছেন, তাঁরাও প্রয়োজনের তুলনায় অল্প পরিমাণে সবজি কিনছেন। ফলে ব্যবসায় ভাটা পড়েছে বলে দাবি ছোট ব্যবসায়ীদের।
শুধু সবজি নয়, ফলের বাজারেও একই ছবি। বিভিন্ন ফলের দামও অনেকটাই বেশি। পাশাপাশি চিনির দাম কিছুটা কমলেও সরিষার তেল, মুসুরির ডাল, চাল এবং রান্নার বিভিন্ন মশলার দাম বেড়েই চলেছে বলে অভিযোগ ক্রেতাদের।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের আনন্দের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।সবজির দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন ক্রেতারা। পুজোর আগে বাজারদর কিছুটা হলেও কমবে কি না,তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ।ক্রেতাদের দাবি, অবিলম্বে বাজারদর নিয়ন্ত্রণে পদক্ষেপ করুক সরকার ও প্রশাসন। উৎসবের আগে সবজির দাম কমাতে শেষ পর্যন্ত কী উদ্যোগ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
